২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ভেঙ্গে পড়েছে ঢাবির শিক্ষা কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ধর্মঘটের প্রায় ৩৮ দিন পেরিয়ে যাওয়ার পরও সংকট নিরসনের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ধর্মঘটে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ায় সাধারণ শিক্ষার্থীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। শুধু পরীক্ষা-ক্লাশ নয়, সমাবর্তনসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

১৯ নভেম্বর ছাত্র সংগ্রাম পরিষদ নেতারা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করাসহ দশ দফা দাবি জানান। ওইদিন উপাচার্যের কার্যালয় থেকে বের হওয়ার পর ছাত্র সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হলে পরিষদ ২০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করে।

প্রক্টর অফিস সূত্র জানায়, বিভিন্ন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে নির্ধারিত ছুটি ছাড়া অনির্ধারিত ছুটি ছিল ১৪ দিন। ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শুরুতেই অনির্ধারিত ছুটির সংখ্যা বুধবার পর্যন্ত দাঁড়ায় ৫০ দিনে।

অনির্ধারিত ছুটির কারণে ২৯ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ৩৮৬ টি পরীক্ষা স্থগিত হয়েছে। এর মধ্যে বিএ, বিএসএস, বিএসসি, এমএ, এমএসএস এবং সনাতনী পরীক্ষাও রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, একটি পরীক্ষার পুর্ননির্ধারিত শিডিউল দিতে প্রায় পনের দিন সময় লাগে। ফলে শিক্ষার্থীরা এমনিতেই পনের দিন পিছিয়ে পড়ে।

১৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত যীশু খ্রিস্টের জন্মদিন, শীতকালীন ছুটি এবং ঈদ-উল-আযহার ছুটি রয়েছে। অন্যান্যবার ছুটির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ধর্মঘটের কারণে এবার পরীক্ষা হতে পারছে না।

এ ছাড়াও ২০০৬-০৭ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা ধর্মঘটের কারণে পেছানো হয়েছে। ফলে এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে স্বাভাবিকভাবেই প্রায় ছয়মাস ঝরে গেছে। এই ভর্তি পরীক্ষাগুলোর পুর্ননির্ধারিত তারিখ জানুয়ারিতে দেওয়া হলেও ধর্মঘটের কারণে তা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ বলেন, শীতকালীন ছুটির পর ৯ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা নেওয়ার আন্তরিক চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনরকম বিরোধ সৃষ্টি না হলে এ সমস্যার সমাধান সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে জোর প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, শুক্রবারসহ প্রতিদিন দু শিফট করে ১০ দিনে প্রায় একশটি পরীক্ষা নেওয়া সম্ভব।

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ধর্মঘটের ব্যাপারে বলেছেন, ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনীতির প্রতি বেশি আনুগত্য প্রকাশ করায় শিক্ষাঙ্গনে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই আন্তরিক। শীতকালীন ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসনের চেষ্টা চালাবে।

এদিকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়। সমাবর্তনের নতুন তারিখ কবে নির্ধারণ করা হবে সে ব্যাপারেও এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট দাবি-দাওয়া পূরণে আন্তরিক নয়। সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের হলে সহাবস্থান, পরীক্ষায় অংশগ্রহণ কোনকিছুর জন্যই বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নেই।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসেম্বরের প্রথম সপ্তাহে একবার অচলাবস্থা নিরসনে আলোচনার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্য, শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ে ক্লাশসহ সব ধরনের একাডেমিক কর্মকাণ্ড শুরু করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।