২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির তাপসী রাবেয়া হলে যুবক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া ছাত্রী হল থেকে বুধবার রাতে মুজিব (২৭) নামে এক বহিরাগত যুবককে আটক করে হল কর্তৃপক্ষ পুলিশে সোপর্দ করেছে। এ নিয়ে চতুর্থ বারের মতো ওই হলে বহিরাগত যুবক প্রবেশের ঘটনা ঘটলো।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তাপসী রাবেয়া হল থেকে যুবক আটকের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হলের আবাসিক ছাত্রীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রীরাসহ প্রগতিশীল ছাত্রজোট ছাত্রী হলগুলোর সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং হল প্রভোস্ট, প্রক্টর ও আবাসিক শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে হলে আটককৃত মুজিবের ছবি তুলতে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাডাররা ফটো সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং মারমুখি আচরণ করে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গার্ড ইখলাছুর রহমান তাপসী রাবেয়া হলের ভেতরে বহিরাগত মুজিবকে একটি গাছের আড়ালে দেখতে পেয়ে তাকে আটক করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রক্টর ড. এনামুল হককে জানানো হয়। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রক্টর রাত ৯টা পর্যন্ত হলে আসেননি। রাত আটটার দিকে কয়েকজন সহকারী প্রক্টর হলে এসে মুজিবকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, আটককৃত মুজিব বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় কাঠ মিস্ত্রীর কাজ করে। তার বাবার নাম মুশু।

মুজিব জানায়, হলের গাছ থেকে সুপারি সংগ্রহ করতে সে কাটাতারের বেড়া কেটে ভেতবের ঢুকে পড়ে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হল প্রাধাক্ষ্য ড. হোসনে আরা জেসমিন কোন প্রকার মন্তব্য করেননি। প্রক্টর ড. এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

২০০৪ সালের ২৯ অক্টোবর গভীর রাতেও একই হলে তিনজন বহিরাগত অস্ত্রধারী যুবক প্রবেশ করেছিল। এ ঘটনায় ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। ওই সময় পুলিশ শতাধিক ছাত্রকে গ্রেফতার করে তাদের মধ্য থেকে ৫৪ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে। পরে ওই মামলায় আরও ১০ ছাত্রীকে আসামী করা হয়।