২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন ছাত্র সংগঠনের হুমকির মুখেই চলছে ঢাবির সমাবর্তন প্রস্তুতি

বেশ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিরোধের হুমকির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ হাজারের বেশি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থী ২৪ ডিসেম্বর শুরু হওয়া ৪৩ তম সমাবর্তনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে মহড়া দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শত শত শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানের পোশাক সংগ্রহের জন্য বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন এবং ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে ভীড় করে।

এদিকে অধিকাংশ ছাত্র সংগঠনই সমাবর্তনের বিপক্ষে কর্মসূচি ঘোষণা করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসময়ে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্তে স্থির রয়েছে। এবার সমাবর্তন অনুষ্ঠান সম্পন্নের জন্য মোট ৬৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্র জানায়।

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ড. মোহাম্মদ ইউনূস সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘ডক্টর অফ ল’ ডিগ্রী প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ বিতর্কিত ভূমিকার কারণে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছ থেকে অনেকে তার কাছ থেকে নদ নিতে চান না। অন্যদিকে অনেক শিক্ষার্থীই মনে করেন, সমাবর্তন অনুষ্ঠান না হলে তা হবে অনাকাঙ্খিত।

অনেক শিক্ষার্থীই এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছ থেকে সনদ নিতে যাবেন না।

অন্যদিকে বেশ কয়েকজন শিক্ষকও বলেছেন, তারা অনুষ্ঠান বয়কট করতে পারেন। কারণ বর্তমানে সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পরিবেশ এ বিদ্যাপীঠে নেই বলে তারা মনে করেন।

এর অগে ছাত্রলীগ নেতা-কর্মীরা ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ নির্মাণের সময় তা ভাংচুরের চেষ্টা চালায়।

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু বলেন, “রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কিত প্রধান উপদেষ্টা এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আচার্য ইয়াজউদ্দিন আহম্মেদের কারণে তারা সমাবর্তন অনুষ্ঠান বর্জন করবেন।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ ক্যাম্পাসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সমাবর্তন অনুষ্ঠান প্রতিরোধের ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্য নোবেল পুরস্কার জয়ী ড. মো¯ম্মদ ইউনূসের প্রতি তারা আহ্বান জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন, এখন সমাবর্তন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ নেই।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমনিতেই বন্ধ রয়েছে, ক্যাডাররা ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছে, ভিন্ন মতের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত আচার্যের কাছ থেকে সনদ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং সমাবর্তন একটি রাজনৈতিক পক্ষপাতযুক্ত অনুষ্ঠানে পরিণত হতে যাচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, “সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর স্বাভাবিক উপস্থিতিতে উৎসবপূর্ণ পরিবেশে সমাবর্তন অনুষ্ঠান হওয়া উচিত, কিন্তু বর্তমানে সমাবর্তন অনুষ্ঠানের অনূকূল পরিবেশ এখানে নেই।”

“এই অনুষ্ঠান আয়োজনের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমাবর্তন অনূকূল একটি পরিবেশ সৃষ্টি করা উচিত” বলেও তিনি মন্তব্য করেন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই তাদের সিদ্ধান্তে স্থির রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এসএমএ ফয়েজ বলেন, “বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাবর্তন অনুষ্ঠানে কোন বিঘ্ন ঘটাবে না।”

১৯৭১ সালে স্বাধীনতার পর এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯, ২০০০ এবং ২০০৪ সালে মোট তিনবার সমাবর্তন অনুষ্ঠান হয়েছে।