শিবির-ছাত্রদল সংঘর্ষে চমেক বন্ধ ঘোষণা
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে আসন বন্টন নিয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ফলে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষের পরে বেলা আড়াইটায় একাডেমিক কাউন্সিলের এক সভায় কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
একাডেমিক ভবনে এ দুই সংগঠনের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের ৪/৫ জন আহত হয়েছে বলে দাবি করা হলেও কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
প্রথম দফা সংঘর্ষের পর ক্যাম্পাসে কিছুক্ষণ শান্ত পরিস্থিতি বজায় ছিল।
এরপর বেলা ২ টার দিকে শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে ছাত্রাবাসে ছাত্রদলের দুটি কক্ষে হামলা চালায়। এর একটিতে আগে ছাত্রদল নেতা ও কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক থাকতেন।
পঁচলাইশ সার্কেলের সহকারি পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ক্যাম্পাসে এখন পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
