রাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ৪০ আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও রাবি শাখা ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগ রাবি শাখা বুধবার থেকে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে।
অন্যদিকে ছাত্রদল ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেছে, যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।
সংঘর্ষে সময় ছাত্রলীগ কর্মীরা উপাচার্য দপ্তর ভাংচুর করে। এতে উভয়পক্ষে ৪০ জন আহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষিকা মনোয়ারা বেগমের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি ভাংচুর, পা দিয়ে মাড়ানো ও বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করার ঘটনায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ছাত্রদল ক্যাম্পাসে ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলায় দফায় দফায় শো-ডাউন করে।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
