২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে বিতর্কিত শিক্ষকের বিরুদ্ধে আরো ৬ ছাত্রীর অভিযোগ দায়ের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরও ছয় ছাত্রী বিভাগীয় শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এ নিয়ে মোট ১০ ছাত্রী তার বিরুদ্ধে এই অভিযোগ আনলো।

ঘটনা তদন্তে গঠিত সত্যতা যাচাই কমিটির সদস্য নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারজানা ইসলাম বৃহস্পতিবার বলেন, আরও ছয় ছাত্রী গোলাম মোস্তাফার বিরুদ্ধে বুধবার উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে অভিযোগ জানিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে, ১৬ ডিসেম্বরের মধ্যে বিতর্কিত শিক্ষকের শাস্তি না হলে রোববার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোটও একই দাবিতে আন্দোলন করছে।

বৃহস্পতিবার বাংলা বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন জোটের কর্মীরা সন্ধ্যায় মিছিল সমাবেশ করে। শুক্রবার রাতে পাঁচটি ছাত্রী হলের ছাত্রীরা মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, এখনো অভিযোগ দায়ের চলছে বলে তদন্ত শেষ করতে দেরি হচ্ছে। তবে দ্রুত তদন্ত করার জন্য সত্যতা যাচাই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।