২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সদ্য অবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা

সদ্য অবসরে যাওয়া শিক্ষকদের বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিদায় সংবর্ধনা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এদের মধ্যে অধ্যাপক হাশেম খান, বুলবন ওসমান, ওয়াকিল আহমেদ, শমসের আলী, লুৎফুল হক চৌধুরী এবং শাহাদাৎ আলীসহ ২৫ জন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সদ্য অবসরে যাওয়া শিক্ষক এবং তত্ত্বাবধায়ক সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাঈনউদ্দিন খান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিকেল তিনটায় শিক্ষক সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি অধ্যাপক শরীফুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের হাতে একটি করে ক্রেস্ট তুলে দেন। দীর্ঘ কর্মজীবন শেষে শিক্ষকরা বিদায়ী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুনÍঅর-রশীদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার বক্তব্যে বলেন, “কর্মজীবন শেষ হলেও শিক্ষকদের দায়িত্ব কখনো শেষ হয় না। সারাজীবনই একজন শিক্ষককে দায়িত্ব পালন করে যেতে হয়।”

বিদায়ী শিক্ষকরা তাদের জ্ঞানের ভান্ডার দিয়ে যুগে যুগে এই বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছেন বলেও উপাচার্য উল্লেখ করেন।

বিদায়ী শিক্ষক শিল্পী হাশেম খান বলেন, “এখন ছাত্র রাজনীতি দলীয় লেজুড়বৃত্তিতে পরিণত হয়েছে। ফলে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ছাত্ররা রাজনীতির নামে নোংরামি করছে।” কিন্তু আগে ছাত্র রাজনীতি এরকম ছিলো না বলেও তিনি মন্তব্য করেন।

অধ্যাপক রফিকুর রহমান বলেন, “সৎ চিন্তা, সৎ কাজ করা শিক্ষকদের আদর্শ হলেও শিক্ষকরা তাদের পথ হারিয়ে ফেলেছেন। তারা আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন। দলীয় মতাদর্শকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। অথচ এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই শিক্ষকরা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।