প্রক্টরের পদত্যাগ দাবি করেছে রাবি ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হকের পদত্যাগ দাবি করেছে ছাত্রলীগ রাবি শাখা।
ক্যাম্পাসে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের টাঙানো ১২টি ব্যানার এবং ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সাঁটানো পাঁচটি বোর্ড চুরির ঘটনায় দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রলীগ রাবি শাখা এ দাবি জানায়।
ছাত্রলীগ একই দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও আধাঘণ্টা প্রশাসনভবন ঘেরাও কর্মসূচি পালন করে।
ছাত্রলীগের দাবি, প্রশাসনের সহযোগিতায় ছাত্রশিবির উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে এসব ব্যানার ও বোর্ড রাতের আঁধারে সরিয়ে নিয়েছে। এসব স্থানে এখন ছাত্রশিবিরের ব্যানার ও বোর্ড সাঁটানো রয়েছে। এর আগে ছাত্রলীগ গত রোববার চুরি যাওয়া বোর্ড-ব্যানার উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রক্টরকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় ছাত্রলীগের মিছিলটি ক্যম্পাস প্রদক্ষিণ করে এসে প্রশাসন ভবন ঘেরাও করে এক সমাবেশে মিলিত হয়।
রাবি শাখা সভাপতি ইব্রাহিম হোসেন মুনের সভাপতিত্বে এ সমাবেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুহিন রেজা, ছাত্রলীগ নেতা জয়, রুহুল, খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
মুন জানান, চুরি যাওয়া ব্যানার-বোর্ড ফিরে না পেলে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ক্যাম্পাসে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে। তার মতে, যেহেতু দীর্ঘ সময়েও প্রক্টর এসব উদ্ধারে কোনো ব্যবস্থা নেননি, সে জন্য তার ওই পদে থাকার অধিকার নেই। তাকে দুদিনের মধ্যে পদ ছেড়ে দেওয়ার আহবান জানান হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ছাত্রলীগের ব্যানার-বোর্ড চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ইমেজ নষ্ট করতে অন্য কেউ ছাত্রলীগের ব্যানার চুরি করতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এনামুল হক পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, চুরি যাওয়া ব্যানার-বোর্ড উদ্ধারের ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
