‘সফট স্কিলস’ যোগাতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষামন্ত্রী
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ‘সফট স্কিলস’ যোগাতে ব্যর্থ হওয়ায় প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের তুলনায় দেশের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সফট স্কিলস দিতে পারছে না শিক্ষার্থীদের। ফলে দেখা যাচ্ছে, অনেক মেধাবী, ভাল পড়াশুনা করেও প্রতিবেশী দেশের থেকে পিছিয়ে পড়ছে। অতবড় ডিগ্রি নেয়নি এমন মানুষদের কাছেও।
“কর্ম জগতে কী প্রয়োজন তা আমাদের জানতে হবে। ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক গড়ে তুলতে হবে। সেভাবে কারিকুলাম তৈরি করতে হবে।”
নতুন শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “বলা হচ্ছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। পাঠ্যসূচি থেকে ইসলাম ধর্মকে বাদ দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব এসব গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করুন।”
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন থেকে মুক্ত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু ভালো কাজ করা নয়, মন্দকে প্রতিহত করা, সে দায়িত্ব উপস্থিত হলে সাহসিকতার সাথে আপনারা সে দায়িত্ব পালন করবেন।”
অনুষ্ঠানে আড়াই হাজার শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। অসাধারণ ফলাফলের জন্য চারজনকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।
সমাবর্তন বক্তা ছিলেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কাখা শেঙ্গেলিয়া।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
