আইইউবির পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইইউবি) পৃষ্ঠপোষকতায় শিগগির শুরু হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড।
এ জন্য অলিম্পিয়াডের আঞ্চলিক রাউন্ডের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৬ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (বিডিওএএ) তত্ত্বাবধানে নিবন্ধন করা হচ্ছে বলে আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, আঞ্চলিক রাউন্ড ১০ থেকে ১২ মার্চ অনলাইনে অনুষ্ঠিত হবে। সারা দেশের প্রতিযোগীদের তিনটি অঞ্চলে ভাগ করে তিন দিনে পরীক্ষা নেওয়া হবে।
আঞ্চলিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা ন্যাশনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে এপ্রিলে।
ন্যাশনাল রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীদের মে ও জুনে অনলাইন ও সরাসরি জাতীয় ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের মৌলিক বিভিন্ন বিষয়ে।
প্রশিক্ষিত প্রতিযোগীদের মধ্য থেকেই বাছাই করে তৈরি হবে ২০২২ ও ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের উপযোগী বাংলাদেশ দল।
আঞ্চলিক রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে bdoaa.org/registration এ ওয়েবসাইটের মাধ্যমে।
বিডিওএএ ২০১৮ সাল থেকে বাংলাদেশে এই অলিম্পিয়াডের আয়োজন করে আসছে এবং নির্বাচিত প্রতিযোগীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে পাঠাচ্ছে।
২০২১ সালে আইইউবির কম্পিউটার ল্যাব থেকে অনলাইন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ পদক ও চারটি সম্মানসূচক স্বীকৃতি পায়। এর আগে ২০২০ সালে বাংলাদেশ দল আন্তর্জাতিক অলিম্পিয়াডে পেয়েছিল দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।
আইইউবি জানিয়েছে, এ বছর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করেছে বিডিওএএ।
কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপের সহকারী অধ্যাপক খান আসাদ এবং কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক তালাল আহমেদ।
