২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিন সময় দিয়ে অনশন ভাঙলেন রোকেয়া হলের ছাত্রীরা

দাবি পূরণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 11:48 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

স্বতন্ত্র প্যানেল রোকেয়া পরিষদ থেকে হল সংসদের ভিপি প্রার্থী মৌসুমী বৃহস্পতিবার রাত ১০টার দিকে আন্দোলনকারীদের অনশন ভাঙার ঘোষণা দেন।

তিনি বলেন, “বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে পুনরায় অনশনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

হল সংসদের পুনর্নির্বাচন ও প্রাধ্যক্ষের পদত্যাগসহ চার দফা দাবিতে বুধবার রাত থেকে অনশন চালিয়ে আসছিলেন পাঁচজন।

এরা হলেন ইসলামিক স্টাডিজের রাফিয়া সুলতানা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সায়েদা আফরিন, একই বিভাগের জয়ন্তী রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শ্রবণা শফিক দীপ্তি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রমী খীসা।

তাদের মধ্যে রাফিয়া রোকেয়া হল সংসদে ভিপি পদে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী ছিলেন। দীপ্তি স্বতন্ত্র জোট থেকে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। ছাত্র ফেডারেশনের সায়েদা হল সংসদের এজিএস এবং প্রমী খীসা সদস্য পদে নির্বাচন করেন।

অনশনে অসুস্থ হয়ে পড়লে রাফিয়া ও প্রমীকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বাকিরা অনশন ভাঙার আগে রাত সাড়ে ৯টার দিকে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যর্থ হন ডাকসুর নবনির্বাচিত জিএস ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

রোকেয়া পরিষদের মৌসুমী তাদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের হেনস্তা করেছেন। আপনাদের কথা আমরা শুনব না।”

অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে ওই সময় হলের অনেক ছাত্রী সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রীদের প্রতিবাদের মুখে ফিরে যেতে হয় ছাত্রলীগ নেতাদের।

পুনর্নির্বাচন ও প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার অপসারণের পাশাপাশি ভোটের দিন প্রাধ্যক্ষের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে সাত প্রার্থীসহ ৪০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও রয়েছে অনশনকারীদের চার দফার মধ্যে।

পুরনো খবর:

ডাকসু: অনশনে দুই দল, প্রশাসন অনড়