মহসীন হল ছাত্রলীগের ‘নিয়ন্ত্রণে’, অভিযোগ ভোটারদের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাজী মুহাম্মদ মহসীন হলে ভোটারদের লাইন ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।
তাদের অভিযোগ, মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানির নেতৃত্বে ছাত্রলীগ ভোটারদের লাইন ‘নিয়ন্ত্রণ’ করায় অনেক সাধারণ শিক্ষার্থী ভোট না দিয়ে ফিরে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের অবস্থানের ভয়ে অনেকেই ভোট দিতে আসছে না। ছাত্রলীগ হলের প্রবেশমুখ থেকে ভোটার লাইন নিয়ন্ত্রণ করছে।”
এ বিষয়ে হলের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাতে এসে ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়েন প্রগতিশীল ছাত্র জোটের ভিপি পদপ্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী ।
তার অভিযোগ, মহসীন হলের গেইট দিয়ে ঢুকে হলের আবাসিক শিক্ষকদের বাসভবন এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি ‘হামলার শিকার’ হন।
লিটন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের কেন্দ্র ছাত্রলীগ দখল করে আছে। আমি অভিযোগ জানাতে গেলে তারা আমার ওপর হামলা চালায়। আমরা পরে অন্যভাবে আমাদের অভিযোগ জানিয়েছি। তবে মনে হয় না কোনো ব্যবস্থা নেবে। এক ধরনের প্রহসনের নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা তারা সম্পন্ন করেছে।”
অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া বলেন, “ভোটারদের লাইন মেহেদী হাসান সানি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পেয়েছি। দেখি কী করা যায়!”
তবে ছাত্রলীগ নেতা সানি অভিযোগ অস্বীকার করে বলেছেন, “কোনো নিয়ন্ত্রণ করছি না আমরা। হলের সাধারণ শিক্ষার্থীরাই প্রবেশমুখে অবস্থান নিয়ে আছে।”
এদিকে শহীদুল্লাহ হলেও ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
ডাকসুর জিএস পদে ছাত্রদলের প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনীক বলেন, “১০ টার পর তাদের পরিচিত ব্যক্তিদের বারবার ঢুকতে দিচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের গেইট পার হয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এভাবে যদি নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কলঙ্কিত করা হবে।”
এর জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলে মন্তব্য করেন অনীক।
অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে শহীদুল্লাহ হলের প্রভোস্ট সৈয়দ হুমায়ুন আখতার বলেন, “কাউকে বাধা দেওয়ার খবর পাইনি। তবে যতক্ষণ পর্যন্ত ভোটাররা লাইনে অপেক্ষা করবে ততক্ষণ ভোট চলবে। কেন্দ্রের ভেতরে থাকা সবার ভোট নেওয়া হবে।”
