ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
শুক্রবার হতে যাওয়া ওই পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলে বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, প্রার্থীরা admission.eis.du.ac.bd ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজধানীর হাজারীবাগে বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
এছাড়া অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে।
এ বছর এক হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৮৯ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে বলা হয়, পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।
