২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরমুজে ‘বিষাক্ত রং’ চিহ্নিতের সহজ পদ্ধতি উদ্ভাবনে ঢাবির দুই ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুই ছাত্র কেমিক্যাল ব্যবহার ছাড়াই অল্প সময়ে তরমুজের বিষাক্ত রং শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 12:10 AM

Updated : 19 Aug 2022, 04:34 PM

তারা হলেন- রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানহাউল ইসলাম এবং আহসান হাবীব খন্দকার।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, এ পদ্ধতির মাধ্যমে কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই অতি অল্প সময়ে তরমুজের বিষাক্ত রং শনাক্ত করা সম্ভব হবে।

তাদের এ গবেষণার তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক নীলুফার নাহার। এ গবেষণা কাজে সম্পৃক্ত ছিলেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শোয়েব এবং মো. কামরুল হাসান।

তানহাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরমুজের মধ্যে কেমিক্যাল রং মিশিয়ে লাল করা হয়ে থাকে। সহজে চার-পাঁচ মিনিটের মধ্যে তরমুজ থেকে বিষাক্ত রং শনাক্ত করা সম্ভব হয়।

“মেশিনের মধ্য দিয়ে তরমুজ এবং পানি আলাদা করা হয়ে থাকে। কিন্তু লাল রং যেহেতু তরমুজের পানির মধ্যে দ্রবীভুত থাকে, তাই সেটা পানিতে চলে যায়, তরমুজ আলাদা হয়।”

চতুর্থ বর্ষের প্রজেক্টের অংশ হিসেবে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নীলুফার নাহার তত্ত্বাবধায়নের এট করেছেন বলে জানান তানহা।

এ বিষয়ে বিভাগের প্রভাষক ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত মো. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে যে তরমুজ পাওয়া যায়, তাতে রেট-৪০ ও রেট-৩ দুই ধরনের লাল রং ব্যবহার করা হয়ে থাকে। এতে তরমুজের ভেতর অংশ বেশি লাল দেখায়।

এই লাল রং ক্ষতিকর জানিয়ে তিনি বলেন, সেন্ট্রিফিউজ নামে এক ধরনের মেশিন, যা মিনিটে চার হাজার বার ঘুরে। এই মেশিনে তরমুজ কেটে দিলে, তরমুজের আর পানি আলাদা হয়ে যায়। বিষাক্ত রং পানিতে চলে যায়, যদি তরমুজে বিষাক্ত রং মেশানো থাকে তাহলে পানির রং হবে লাল।

এ বিষয়ে অধ্যাপক নীলুফার নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা প্রজেক্টের অংশ হিসেবে এ পদ্ধতির উদ্ভাবন করেছে। প্রজেক্টের তত্ত্বাবধায় হিসেবে ছাত্রদের দিকনিদের্শনা দিয়েছি।