২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস বরণে ঢাবিতে নানা আয়োজন

মহান বিজয় দিবস বরণ করতে দিনব্যাপী নানা আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 12:36 AM

Updated : 12 Apr 2022, 03:32 AM

বৃহস্পতিবার সকাল থেকেই দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র গড়ে উঠা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

‘রক্তে রাঙা বিজয় আমার’ স্লোগানে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেয় টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিজয় দিবসের প্রথম প্রহরে আতশ বাজি ফুটিয়ে, মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসটিকে বরণ করে করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে ‘সংবাপত্রে বিজয় সংগ্রাম' শিরোনামে প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধপূর্ব সময়, যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রদর্শন করা হয়।

মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উপলক্ষে ফানুস উড্ডয়ন ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ফানুস প্রজ্জ্বলন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে স্বাধীনতার জন্য সংক্ষিপ্ত সময়ে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। আমাদেরকে শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের বাংলাদেশ নির্মাণে এগিয়ে যেতে হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, স্লোগান' ৭১ আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করে।