আন্দোলন দমনে ‘ব্যবস্থা গ্রহণের’ হুঁশিয়ারি জাবি কর্তৃপক্ষের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলন রুখতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় নির্ধারিত নির্দিষ্ট ফি-এর বাইরে বিভাগুলোর ভর্তিতে আলাদাভাবে নির্ধারিত উন্নয়ন ফি আদায় করা হয়। উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত ৮ ডিসেম্বর ব্যাংক অবরোধ করলে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে।
এরপর গত রোববার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় আগের নির্ধারিত ফি (আট হাজার টাকা) বহাল রেখেই ১৮ তারিখ থেকে পুনরায় ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় আন্দোলকারীরা ভর্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে অভিযোগ করে ভর্তি কার্যক্রম ব্যাহত হলে বা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহতকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, ভর্তি কার্যক্রম ব্যাহত অথবা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হলে ব্যাহতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই সিদ্ধান্ত গত ১৩ ডিসেম্বর উপাচার্য ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় নেওয়া হয়।
এর আগে আন্দোলনের প্রেক্ষাপটে গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির জরুরি সভায় ছাত্রছাত্রীদের গবেষণা, উন্নত পাঠদান পদ্ধতি, খেলাধুলা, বৃত্তি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং চিকিৎসা সহায়তা চালু রাখার স্বার্থে বিভাগীয় উন্নয়ন ফি বহাল রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
তবে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
কর্তৃপক্ষের এ ধরনের কোনো হুমকিতে কোনোভাবেই আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা দিয়ে সন্ধ্যায় ছাত্রজোটের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, “যৌক্তিক ইস্যুতে আন্দোলন করার অধিকার সবারই আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই আন্দোলন বন্ধ করার নির্দেশ দিতে পারে না! শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মধ্য দিয়েই প্রশাসনের এই ধরনের স্বৈরতান্ত্রিক আচরণের জবাব দেবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সতর্কবাতাকে দৃষ্টিকটু মন্তব্য করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে করে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। প্রশাসনের উচিৎ ছিল আন্দোলনকারীদের সাথে বসে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা।”
