২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঘ ইউনিটে পুনঃভর্তিপরীক্ষা চেয়ে আদালতে আবেদন

প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তিপরীক্ষা পুনরায় নেওয়ার আদেশ চেয়ে হাই কোর্টে একটি আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী আ স ম সায়েম আলী পাঠান রোববার এই রিট আবেদন করেন।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে চলতি সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে আবেদনকারী জানিয়েছেন।

ইউজিসির চেয়ারম্যান, সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন এই আইনজীবী।

তাতে বলা হয়, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনিয়ম করে টাকার বিনিময়ে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

“বিভিন্ন পত্রিকায় এসেছে ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে প্রকৃত মেধাবীদের যথাযথ মূল্যায়ন হয়নি।”

৪৮ ঘণ্টার মধ‌্যে জবাব চেয়ে ওই নোটিস পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়ায় রিট আবেদন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আইনজীবী সায়েম আলী।

পুরনো খবর:

ঢাবির ‘ঘ’ ইউনিট: জালিয়াতির অভিযোগে আটক ৭