ভর্তি পরীক্ষা না দিয়েও মেধা তালিকায়
ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ভর্তির জন্য মেধা তালিকায় নাম এসেছে এক ভর্তিচ্ছুর।
এর পেছনে কোনো জালিয়াতি আছে কি না- তা তদন্তে ওই প্রার্থীর পক্ষে তার ভাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক পল্লবী বাড়ৈ আইইআর’র সান্ধ্যকালীন স্নাতকোত্তর (এমএড) কোর্সে ভর্তি পরীক্ষার ফরম তুলে তা জমাও দেন (রোল নম্বর ২৫৫৩)। কিন্তু অসুস্থতার জন্য গত ১৮ নভেম্বরের ওই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা।
“পরে ক্যাম্পাসে গিয়ে দেখা যায় আইইআরের নোটিশ বোর্ডে টাঙানো ফলাফলে পল্লবীর নাম ও রোল আছে, ৭৬ স্কোর নিয়ে মেধাতালিকায় তার স্থান ৪১।”
এর রহস্য উদঘাটনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে জানিয়ে বিভাষ বলেন, “উপাচার্য বলেছেন, রহস্য উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই ভর্তি পরীক্ষায় পল্লবী বাড়ৈ অনুপস্থিত থাকলেও তার আসনে বসে অন্য একজনকে পরীক্ষা দিতে দেখার দাবি করেছেন ওই কক্ষে বসে পরীক্ষায় অংশ নেওয়া এক প্রার্থী।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রার্থী।
আইইআর এর অধ্যাপক মো. আব্দুল আউয়াল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখবেন তারা।
কোনো প্রার্থী উত্তরপত্রে রোল নম্বরের ঘর পূরণের সময় ভুলে নিজের বদলে পল্লবীর রোল নম্বর দিয়ে দিয়ে থাকতে পারেন বলে মনে করছেন তিনি।
