২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের মেলা শেষে বাজলো বিদায়সুর

‘পুরানো সে দিনের কথা ভুলবি কিরে হায়…. সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভুলা যায়’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় নিংড়ানো শব্দগুচ্ছগুলোর দারুণ আবেগময় প্রকাশ দেখা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 10:57 AM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

চবির সুবর্ণজয়ন্তী উদ্বোধনে প্রধানমন্ত্রী
লক্ষ্য পূরণে সফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: স্পিকার

নৈসর্গিক প্রকৃতিবেষ্টিত এই বিদ্যাপীঠ থেকে যারাই একদিন জীবন চলার পাথেয় সংগ্রহ করেছেন, তাদের কেউই প্রিয় এই ক্যাম্পাস, শিক্ষক, বন্ধু, সহপাঠী ও সতীর্থদের সঙ্গে যাপিত সেই মাহেন্দ্রক্ষণগুলোর কথা ভুলতে পারেননি।

রেল গাড়ির ছন্দে চলা জীবন সময়ের ঘড়িতে পা রেখে বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে কর্মব্যবস্তায় চলে যাওয়া সকলে মিলেছিলেন প্রাণের মেলায়।

চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড়ের কোলঘেঁষে গড়ে উঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শনিবার ছিল শেষ দিন। অর্ধশতকের এই দীর্ঘ সময়ে জ্ঞানের আলোকবর্তিকা ছড়িয়ে দিতে যারাই ক্যাম্পাস ছেড়ে সমাজে মিশে গিয়েছেন বয়সের ভেদাভেদ ভুলে তারা নবীন-প্রবীণ সবাই যেন মিলেমিশে একাকার।

তাদের অনেকে ফেলে যাওয়া বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর মতো শহর থেকে শাটল ট্রেন ধরেছেন, গাদাগাদি করে বর্তমানদের সাথে গলা ফাটিয়ে গান ধরে ক্যাম্পাসে পৌঁছান তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে দুই দিনব্যাপী উৎসবের শেষ দিনের অনুষ্ঠান হয় কেন্দ্রীয় খেলার মাঠে। শুক্রবার শুরু হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাঠে মুল অনুষ্ঠান হলেও পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে ছিল সাবেকদের পদচারণা। পুরানো বিভাগে গিয়ে ক্লাস রুমেও কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছেন অনেকে। আবার অনেকে গিয়েছিলেন হলের সে রুমগুলোতে।

ব্যাচ অনুয়ায়ী সাবেক, বর্তমান শিক্ষার্থীরা রঙ-বেরঙের পাঞ্জাবি, শাড়ি, গেঞ্জি তৈরি করেছিল। সেগুলো পড়েই ক্যাম্পাস গিয়েছিল তারা। পুরোনো বন্ধুদের পেয়ে সবাই ফিরে গিয়েছিল ফেল আসা দিনগুলোতে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম তাই অনুভুতি জানাতে বলে ফেললেন, “বয়স যতই হোক, আজ নিজেকে মনে হচ্ছে ২৫ বছরের তরুণ।”

১৪ ব্যাচের কয়েকজন সাবেক শিক্ষার্থীও জানালেন তাদের উছলে পড়া অনুভূতির কথা। একজন বললেন, “মনে হচ্ছে আজ আমাদের পরিবার আমাদের বন্ধুরা। যাদের সাথে কাটিয়েছিলাম যৌবনের একটি বড় অংশ।”

দুপুরে আলোচনা সভা শেষ হওয়ার পর থেকে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। বিকালে যখন তপন চৌধুরী মঞ্চে উঠলেন গান গাইতে, তখন নবীনদের সাথে প্রবীণরাও গলা মেলান।

হালের ক্রেজ আর্টসেলের গানও যেন তাদের অনেক প্রিয়। অনেকেই গলা মিলিয়ে গাইলেন গান। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পড়েও তাদের যেন নেই কোন ক্লান্তি। সবার চোখে মুখে ছিল উচ্ছলতার ছাপ। এরপর একে একে গাইলেন ব্যান্ডদল লালন, ওয়ারফেজ।

সকাল থেকে রাত পর্যন্ত কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি, লেডিস হলের ঝুপড়ি সব জায়গায় যেন চলছিল প্রাণের মেলা। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবকিছুই দল বেঁধে করেন তারা।

রাতে যখন অনুষ্ঠান শেষ হচ্ছিল তাদের অনেকের মুখে ছিল বিষাদের ছাপ। অনেকদিন পর কাছে পাওয়া বন্ধুদের বিদায়ের বেলায় অনেকের চোখের কোণে জমে অশ্রুকণা। আবার কবে দেখা হবে, মন খুলে আড্ডা হবে সবারই যেন সে চাওয়া।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর বাংলাদেশের তৃতীয় বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বৃহত্তর চট্টগ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনের ১০দিন পর ২৮ নভেম্বর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি বিভাগে ২০৪ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক নিয়ে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম।

চট্টগ্রাম শহর থেকে ২২ কিমি দূরে হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নে সবুজ, শ্যামল, পাহাড় আর জারুল ঘেরা এ বিশ্ববিদ্যালয় ছড়িয়ে দিয়েছে উজ্জ্বল আলোক রেখা।

শুক্রবার দেশের তৃতীয় এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি পূর্ণ করেছে গৌরবে অহংকারের পথচলার ৫০ বছর।