২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য পূরণে সফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: স্পিকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ অভিহিত করে লক্ষ্য পূরণে প্রতিষ্ঠানটি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের দ্বিতীয় দিন শনিবার আলোচনা ও সাংস্কৃতিক পর্বের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, “যে ভিশনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে, সেখানে এই বিশ্ববিদ্যালয় আজ এক মহীরুহ। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।”

তিনি বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পার্ট অব গ্লোবাল কমিউনিটি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশায় দায়িত্বরত।

“সেলিব্রেশন অব কালেকটিভ এচিভমেন্ট এখন এক মাইলফলক। সামগ্রিক পরিকল্পনায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

বাংলাদেশের জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করছে বলে মন্তব্য করেন শিরীন শারমিন চৌধুরী।

“বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সুসংহত করার মধ্য দিয়ে আগামী দিনের পথ রচনায় কাজ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পিকার বলেন, মেধা ও দক্ষতা বিকাশের মধ্য দিয়ে তোমাদের হাত ধরে এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।

“আমরাই গড়ে তুলব শোষণমুক্ত, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, গণতান্ত্রিক, অসম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। যা আমাদের সংবিধানের অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংসদ ওয়াশিকা আয়শা খান, সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দিন চৌধুরী।  

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জীবিত ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।