ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ৫.৫২ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।
ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত দুই হাজার ২২১ জনের মধ্যে এক হাজার ২৫০ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগে লেখাপড়া করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৪২ হাজার ১২৪ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত ৩০ সেপ্টেম্বর পরীক্ষা দেন ৪০ হাজার ২৩৪ জন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>GA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে ১ থেকে ১৩০০ জন শিক্ষার্থী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।
আর কোটায় আবেদনসহ অন্যান্য সব বিষয়ে তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
