প্রশ্ন ফাঁস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় ছাত্রফ্রন্ট
গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব ও এর বিরুদ্ধে আন্দোলনকে ভিত্তিহীন আখ্যায়িত করে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইসিটি আইনের মামলার হুমকি দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির সমালোচনা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রশ্ন ফাঁস বন্ধ নয় বরং অপরাধীদের উৎসাহিত করবে বলে ওই বিবৃতির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের লিখিত বক্তব্যে ইভা মজুমদার বলেন, “স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রশ্নফাঁস বন্ধ নয় বরং অপরাধীদের আরও উৎসাহিত করবে। প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।”
গত ২৮শে সেপ্টেম্বর এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে করা আন্দোলনকে গুজব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন। আন্দোলনকারীদের গুজব রটনাকারী বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে আইসিটি আইনে বিচারের হুমকিও দেন তিনি।
মন্ত্রীর মন্তব্যের জবাবে গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে ইউজিসির এক কর্মকর্তার মৃত্যুর প্রসঙ্গ সংবাদ সম্মেলনে স্মরণ করিয়ে দেন ঢাবি ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার।
তিনি বলেন, “পরবর্তীতে সারা দেশে এর প্রতিবাদে আন্দোলন হয়।”
এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সাতটি করার সমালোচনা করে ইভা বলেন, “সৃজনশীলে ১০ নম্বর বাড়বে, বহু নির্বাচনী প্রশ্নে ১০ নম্বর কমবে। এই দুই পরীক্ষার মধ্যকার বিরতিও থাকবে না।
“এই সকল সিদ্ধান্ত সরকারের হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। শিক্ষার্থীদের প্রতি ন্যূনতম দায়িত্বশীলতাও তারা দেখায় না।”
সুন্দরবন রক্ষায় সাইকেল মিছিলে ছাত্রলীগের হামলায় বিষয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে সরকার কতটা অসহিষ্ণু, তা এই ঘটনা দেখে বোঝা যায়।”
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
