জিয়ার পদক বাতিলের সিদ্ধান্তে ঢাবি বিএনপিপন্থি শিক্ষকদের প্রতিবাদ
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের সমর্থক শিক্ষক প্যালেনের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
এতে জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্তকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি দাবি জানান সাদা দলের সমর্থক শিক্ষকরা।
সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা জিয়াউর রহমানকে ‘শহীদ রাষ্ট্রপতি’ অভিহিত করে বিবৃতিতে বলা হয়, “সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর স্বাধীনতা পদক প্রত্যাহার ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি থেকে তা সরানোর ঘটনায় আমরা বিস্মৃত, হতাশ ও ক্ষুব্ধ।”
এ ঘটনাকে হীন ও ন্যাক্কারজনক মন্তব্য করে বিষয়টির প্রতিবাদ ও নিন্দা জানান তারা।
“বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অবিচ্ছেদ্য। তিনি জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কেবল স্বাধীনতার ঘোষণাপত্রই পাঠ করেননি- জীবনবাজী রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কমান্ডার হিসেবে ০১ নং সেক্টরে নেতৃত্ব দিয়েছেন।
“মুক্তিবাহিনীর নিয়মিত সেনা ব্যাটেলিয়ানের তিনটি বিগ্রেড ফোর্সের একটির নাম জিয়ার নামের অধ্যাক্ষরে ‘জেড ফোর্স’ হিসেবে নামকরণ করা হয়েছিল।”
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জিয়াকে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত করেছেন বলে জানিয়ে বিবৃতিতে বিএনপির প্রতিষ্ঠাতাকে স্বাধীন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রেরও পুনঃপ্রবর্তক বলা হয়।
পদক প্রত্যাহারের সিদ্ধান্তটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি খারাপ নজির হয়ে থাকবে বলে মনে করছেন বিএনপিপন্থি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা।
এছাড়া বর্তমান সময়ে দেশে জঙ্গিবাদসহ নানামুখী সঙ্কটের মধ্যে সবার মধ্যে ঐক্য ধরে রাখতে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
গত অগাস্টে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এরপর পদক প্রত্যাহার প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার জাতীয় জাদুঘরে রাখা পদকটি সরিয়ে নেওয়া হয়।
২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সে সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সরকারের এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করেন।
