২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃনিরীক্ষায় যোগ্যরা ভর্তির আবেদনের সুযোগ পাবে

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় যোগ্যরা অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 06:56 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের জিপিএ পুনঃনিরীক্ষণের আগের ও পরের ফলসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অফিস আসতে হবে।

তবে ন্যূনতম জিপিএ পেয়েও ফল বাড়ানোর জন্য পুনঃনিরীক্ষার আবেদন করেছেন এমন কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন না করে থাকলে এই সুযোগ নিতে পারবে না বলে জানান তিনি।

“যারা এর মধ্যেই ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ পেয়েছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে তাদেরকে অবশ্যই ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।”

পুনঃনিরীক্ষায় তাদের জিপিএ যদি বাড়লে তা যোগ করতে প্রমাণসহ সরাসরি ভর্তি কমিটির অফিসে যোগাযোগ করতে হবে বলে জানান উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন সোমবার শুরু হয়েছে, যা ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ভর্তি পরীক্ষার ফি এর পরদিন পর্যন্ত জমা দেওয়া যাবে। 

আর গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।

এই ফল পুনঃনিরীক্ষার জন্য আগামী ১৯ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে নির্দিষ্ট ছাঁচে এসএমএস পাঠিয়ে আবেদন করা যাবে।

আবেদন শেষ হওয়ার অন্তত একমাস পর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুনঃনিরীক্ষার ফলে যারা ভর্তির যোগ্য হবেন তারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পুরনো খবর:

এইচএসসিতে পাস ৭৪.৭০%, পূর্ণ জিপিএ ৫৮ হাজার