২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তির আবেদন শুরু, আসন বাড়ছে প্রায় ২০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে প্রায় ২০০ আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 01:52 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রমের উদ্বোধনের সময় এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগে ও ইনস্টিটিউটে আসন বৃদ্ধি করায় এবার মোট আসনসংখ্যা বেড়েছে।

এই শিক্ষাবর্ষে জাপানিজ স্টাডিজ ও চাইনিজ স্টাডিজ বিভাগে অনার্স কোর্স চালু করা হয়েছে। সব মিলে আগের বছরের চেয়ে প্রায় ২০০ আসন বাড়বে বলে জানান তিনি।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬৬৫৫টি।

চলতি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত মোট আসন সংখ্যা ধরা হয়েছে ৬৮০০টি। এর মধ্যে ক-ইউনিটে ১৬৮০টি, খ-ইউনিটে ২২৪১টি, গ-ইউনিটে ১১৭০টি, ঘ-ইউনিটে ১৪৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

তবে প্রতিবারই ভর্তির আবেদন প্রক্রিয়া চলার সময়ে কিছু আসন বাড়ানো হয়।

আগের বারের মতো এবারও ব্যাংক ও অনলাইন সার্ভিসের চার্জসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা রাখা হয়েছে।

অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করা যাবে সোমবার থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষার ফি এর পরদিন পর্যন্ত জমা দেওয়া যাবে।  

১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত খ ও চ-ইউনিটের এবং ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ক, গ ও ঘ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বরাবরের মতোই পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ।

জালিয়াতি ঠেকাতে পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট পরিচালিত হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ,  উপ-উপাচার‌্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।