২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরেও নিষ্পত্তি হয়নি ‘এনএসইউ তদন্তের’ রুল

তিন বছর আগে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন আমলে নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সন্ত্রাসবাদে অংশ নেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশনা প্রশ্নে হাই কোর্ট যে রুল দিয়েছিল তা এখনও নিষ্পত্তি হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 03:07 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলায় বিশ্ববিদ্যালয়টির দুই সাবেক ছাত্রের নাম আসার পর সম্প্রতি ওই রুলের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

‘রাজীবের আগে আসিফকে হত্যার চেষ্টা করে নর্থ সাউথের অন্য ঘাতক চক্র, হামলাকারীদের ধরতে পারেনি পুলিশ’ শিরোনামে ২০১৩ সালের ৬ মার্চ একটি জাতীয় দৈনিক প্রতিবেদন ছাপা হয়। তার আগেও বিষয়টি নিয়ে বিভিন্ন দৈনিকে প্রতিবেদন হয়।

এসব প্রতিবেদন বিবেচনায় নিয়ে ২০১৩ সালের ৬ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থীর নেপথ্যে থেকে সন্ত্রাসবাদে অংশ নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

শুনানিতে আদালত বলে, ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত বলে ইতেপূর্বে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে ওই হামলাকারীদের কেউ গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অপর প্রতিবেদনে এমন অভিযোগ রয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী উৎপাদনের ক্ষেত্র।

স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্যকে ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

অন্তর্বর্তীকালীন আদেশে ওইসব অভিযোগ আলাদাভাবে তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন আদালতে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়।

নথিপত্র থেকে জানা যায়, এরপর বিষয়টি শুনানির জন্য বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাই কোর্ট বেঞ্চে ওঠে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বছরেই দুটি প্রতিবেদন আদালতে দাখিল করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষেও ২০১৩ সালের ১৯ মে প্রতিবেদন জমা দেওয়া হয়।

এরপর ২০১৩ সালের ১৯ মে আদালত ব্লগে লেখা ও পোস্টের মাধ্যমে ঘটনার উদ্ভব হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করে।

সেইসঙ্গে ওয়েবসাইট, ব্লগ ও ইন্টারনেট ব্যবহার করে এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- তা জানিয়ে চার সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দিতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। 

সে সময় ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।

সর্বশেষ অবস্থা সম্পর্কে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই আদেশের পর বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হওয়ায় আর বিষয়টির শুনানি হয়নি। রুল এখনও অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।”

আইনজীবীরা জানিয়েছেন, কোনো পক্ষ চাইলে নিয়ম অনুযায়ী বিষয়টি নতুন বেঞ্চে উঠবে, তারপর শুনানি হতে পারে।

নর্থ সাউথের প্রতিবেদন

নথিপত্র থেকে দেখা গেছে, এনএসইউর দাখিল করা এক প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের এই অভিযোগ ভুল ধারণার ওপর ভিত্তি করে; যার সত্যতা মেলেনি। এনএসইউ’র পরিবেশ রাজনীতিমুক্ত। কোনো সুনির্দিষ্ট শিক্ষার্থী বা শিক্ষার্থীদের গ্রুপের ক্ষেত্রে ভুল কিছু হলে তা ঘটেছে ক্যাম্পাসের বাইরে। ওই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক বা স্টাফদের ভূমিকা খুব কম।

একটি মতামত জরিপ উদ্ধৃত করে প্রতিবেদন বলা হয়, এনএসইউ ক্যাম্পাসে অন্য প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো পরিবেশ বিদ্যমান। তাই এনএসইউ সেই সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকারী। গণমাধ্যমের একটি কায়েমী স্বার্থবাদী অংশ এই মহান প্রতিষ্ঠানকে ‘খারাপ নাম’ দেওয়ার কাজ করছে। চিহ্নিত এই গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হাই কোর্টের প্রতি আরজিও জানায় এনএসইউ’র ওই কমিটি। এছাড়া ১৪টি সুনির্দিষ্ট সুপারিশ দেয় ১০ সদস্য বিশিষ্ট কমিটি।

ব্লগার রাজীব হায়দারের নিহত হওয়া ও আসিফ মহিউদ্দিনের ওপর হামলার প্রসঙ্গে টেনে পুলিশের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজীব হায়দার হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল বিন নাঈম ওরফে দীপ, মাকসুদুল হাসান অনিক, এহসান রেজা রুম্মান, নাঈম শিকদার ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

প্রতিবেদনের শেষাংশে বলা হয়, ওই ঘটনা দুটি বিচ্ছিন্ন নাকি স্বাভাবিক সন্ত্রসী কার্যক্রম তা নির্ধারণ করতে বিশদ তদন্ত প্রয়োজন। সব ধরনের গোয়েন্দা তৎপরতা ও পুলিশি কার্য্ক্রম অব্যাহত রয়েছে।

পুরনো খবর:

জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ নর্থ সাউথের প্রো ভিসি বরখাস্ত
জঙ্গিযোগের মুখে টনক নড়ল নর্থ সাউথের