২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক শাবি শিক্ষার্থী আনসারুল্লাহ সমন্বয়ক: পুলিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আটক শিক্ষার্থী আব্দুল আজিজ জঙ্গি সংগঠন আনাসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 06:10 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার ক্যাম্পাস থেকে আটকের পর ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীকে সিলেট থেকে ঢাকা নিয়ে আসা হয়। 

তাৎক্ষণিক আটকের কারণ জানা না গেলেও বিকালে ডিএমপি উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল আজিজ আনসারুল্লাহ বাংলা টিম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কের কাজ করতেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।”

অধিকতর জিজ্ঞসাবাদের প্রয়োজনেই তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান জানিয়েছিলেন, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা জঙ্গি সন্দেহে আব্দুল আজিজকে আটক করে ঢাকা নিয়ে গেছেন।

আব্দুল আজিজের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে; সিলেটে একটি বাড়িতে লজিং থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেতথ্য শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায়নি।

সাম্প্রতিক জঙ্গি হামলার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গত ১৭ জুলাই রোববার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল থানা এলাকার আদমজী কোর্ট এলাকা হতে আনসারুল্লাহ বাংলা টিমের তিনজন সদস্যকে গ্রেপ্তার করে।

তারা হলেন- মো. মোজাহের উদ্দিন ওরফে রাজিব, মো. ইনছান আলী ও রতন মিয়া।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত তথ্যে দেখা যায়, তাদের কাছ থেকে একটি চাপাতি, উসামাহ ইবনে লাদিনের লেখা একটি এবং আনোয়ার আল-আওলাকীর লেখা আরেকটি বই উদ্ধার করা হয়।

তারা জঙ্গি সংগঠনটির দাওয়াতী শাখার পাশাপাশি মিডিয়া শাখার দায়িত্বে ছিলেন বলে পুলিশের দাবি।

পুরনো খবর:

‘জঙ্গি সন্দেহে’ শাবি শিক্ষার্থী আটক