হায়দরাবাদের আগা খান একাডেমির ভর্তি পরীক্ষা ১৪ মে
ষষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে বাংলাদেশি ছাত্রছাত্রী ভর্তির জন্য এ বছরের বাছাই প্রক্রিয়া শুরু করেছে ভারতের হায়দরাবাদের আগা খান একাডেমি।
এ লক্ষ্যে অভিভাবকের কাছে স্কুলটিতে তুলে ধরার জন্য একটি প্রতিনিধি দল নিয়ে একাডেমির প্রধান ড. জিওফ্রে ফিশার গত সপ্তাহে ঢাকা সফর করে গেছেন।
আগামী ১৪ মে একাডেমিতে ভর্তির বাছাই পরীক্ষা নিতে আরও একটি দল আসবে বলে শুক্রবার জানিয়েছে ঢাকার আগা খান স্কুল কর্তৃপক্ষ।
এ বিষয়ে আগা খান একাডেমির হায়দরাবাদ ক্যাম্পাসের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে বলে জানায় তারা।
দক্ষিণ ও মধ্য এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে আগা খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক স্কুল নেটওয়ার্কের অংশ হচ্ছে হায়দরাবাদের আগা খান একাডেমি।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোনো সুনির্দিষ্ট কোটা নেই। আর্থ-সামাজিক অবস্থা, ধর্ম-বর্ণ ও সংস্কৃতি নির্বিশেষে শুধু মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী নেওয়া হবে বলে জানানো হয়।
দরিদ্র মেধাবীরা যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
