‘বাংলাদেশে আইএস-আল কায়েদার মতাদর্শী আছে’
বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সাংগঠনিক কার্যক্রম থাকা-না থাকা নিয়ে সংশয় থাকলেও তাদের মতাদর্শ ধারণকারী মানুষ রয়েছে বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে বুধবার আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশে কোনো ব্লগার হত্যাকাণ্ডের শিকার হলেই সাইট ইন্টেলিজেন্ট বলে আইএস-আল কায়েদা মেরেছে।
“বাংলাদেশে হয়তো ওদের কোনো অফিস নেই, কিন্তু আইএস ও আল কায়েদার যে মতাদর্শ- সে মতাদর্শের মানুষ একাত্তরেরও ছিল, এখনও আছে।এখনো যে আছে এটি আমরা অস্বীকারও করতে পারব না, লুকাতেও পারব না।”
গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুরে ধর্মান্ধতার বিরুদ্ধচারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এই প্রতিবাদ সমাবেশের করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিবাদী অবস্থান জানাতে দেরী করায় বিকালের এক সমাবেশে ক্ষোভ প্রকাশ করেছে বিচার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
নাজিম ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। তার হত্যার দায় স্বাকীর করে জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বিবৃতি দিয়েছে বলে ইতোমধ্যে দাবি করেছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী সাইট ইনটিজেন্স গ্রুপ।
মীজানুর রহমান আরও বলেন, “যদি কেউ ধর্ম অবমাননা করে তার শাস্তির ব্যবস্থা সংবিধানে আছে। কিন্তু তাদের খুন করার অধিকার রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি।”
তিনি বলেন, “এ ধরনের কোনো খুন হলেই পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দুটি ভুল বক্তব্য দেয়। একটি হচ্ছে- খুনীদের ধরার চেষ্টা চলছে। দুই, ধর্মের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
“গণমাধ্যমে এ ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু এসব বক্তব্য না দিয়ে প্রধান কাজ হল খুনীদের ধরা। এসব বক্তব্যের জন্যই খুনীদের ধরতে সমস্যা হয়।”
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহ।
এদিকে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশের পর নাজিম হত্যার বিচারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার বলেন, “৬ তারিখ নাজিম মারা গেল, আজ ১৩ তারিখ শিক্ষক সমিতি প্রতিবাদ সমাবেশ করলো। সাতদিন পর কেন তারা প্রতিবাদ করলেন?”
শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমিনও এসময় উপস্থিত ছিলেন।
