সাপ্তাহিক ছুটি দুইদিন চান জাবি শিক্ষকরা
সপ্তাহে দুই দিন সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় এ দাবির পক্ষে মত দেন তারা।
শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় সভায় শিক্ষকরা বৃহস্পতি, শুক্র এবং শনিবারের মধ্যে যে কোনো দুই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার দাবি তোলেন।
এছাড়া সমিতির পক্ষ থেকে আরও কয়েকটি সুপারিশ করা হয়, যার মধ্যে রয়েছে- বিভিন্ন বিভাগে চলমান ইভিনিং প্রোগ্রাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতি অনুসরণ এবং এই অর্থ শিক্ষকদের গবেষণা, অফিস ও শিক্ষা সহায়ক অবকাঠামো উন্নয়নে ব্যয় করা, বিভিন্ন মেয়াদউত্তীর্ণ ডিন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট নির্বাচনের তারিখ ঘোষণা, গৃহ নির্মাণ ঋণের সুদের হার ৭ শতাংশে নামিয়ে আনা।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের টেলিফোন সুবিধা নিশ্চিত করা, অস্থায়ী শিক্ষকদের দ্রুত স্থায়ীকরণ, শিক্ষক নিয়োগের সিলেকশন বোর্ডে ডিনদের অন্তর্ভূক্ত করা, শিক্ষকদের সমন্বিত বাসা ভাড়া নির্ধারণ এবং প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের ভাড়ামুক্ত বাড়ির আওতায় আনার ব্যবস্থা করারও দাবি জানানো হয় বৈঠকে।
শিক্ষকদের এসব দাবির বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করা হবে।”
