আত্মরক্ষায় তায়কোয়ান্দো শিখছেন ‘তনুরা’
নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের উপর আস্থাহীনতায় আত্মরক্ষার কৌশল শেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
কুমিল্লার নিহত কলেজছাত্রী সোহাগী জাহান তনুর নামে শুক্রবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বরে শুরু হয় তায়কোয়ান্দো প্রশিক্ষণ।
নারী নির্যাতন প্রতিরোধে নবগঠিত সংগঠন প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে প্রথম দিনের এই প্রশিক্ষণে ১৭ জন অংশ নেন বলে সংগঠনটির আহ্বায়ক ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার জানিয়েছেন।
‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’ শিরোনামে এই প্রশিক্ষণে লাকী নিজেও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় বসে থাকার সুযোগ নেই। তাই আমরা নিজেরাই আত্মরক্ষার উদ্যোগ নিয়েছি।
খুব দ্রুত দেশের অন্য জেলাগুলোতেও এই আদলে প্রশিক্ষণ শুরু হবে বলে জানান লাকী।
এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন।
প্রথম দিন প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়া তায়কোয়ান্দো ব্ল্যাকবেল্টধারী জেসমিন আক্তার রুমা বলেন, প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের আগ্রহ তাকে অনুপ্রাণিত করেছে।
“সবার মধ্যে দ্রুত শেখার আগ্রহ আছে। প্রথম দিনেই তারা অনেক ভালো পারফর্ম করেছে।”
