চুয়েটে হল খুলে দেওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাবি মেনে নিয়ে হল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ করে দেওয়ার পর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা।
সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল ৩টার মধ্যে চারটি ছাত্র হল এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে একটি ছাত্রী হল খালি করতে বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অটল ভৌমিক বলেন, “শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে আমরা কোনো ভুল করিনি। ক্যাম্পাস বন্ধ হলেও আন্দোলন বন্ধ হবে না।”
সড়ক দুর্ঘটনায় গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে টানা আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
আট দফা দাবিতে চলমান আন্দোলনে কার্যত অচল হয়ে যায় চুয়েটের শিক্ষা কার্যক্রম। এর মধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহার অব্যাহতিরও দাবি তোলে।
অটল আরও বলেন, সচেতনতা বাড়াতে চুয়েট গেইটে শিক্ষার্থীরা সকালে চালকদের মাঝে লিফলেট ও গোলাপ ফুল বিতরণ করার সময় পুলিশ তাদের বাঁধা দেয়।
ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহার নির্দেশে পুলিশ তাদের বাঁধা দেয় বলেও অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের।
(ফাইল ছবি)
কাপ্তাই রোডে তিন চাকার লেগুনা, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, স্পিড ব্রেকার ও ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কার এবং চুয়েট মেডিকেল সেন্টারের স্থাপন ও অ্যাম্বুলেন্স রাখার দাবিও রয়েছে তাদের।
এর মধ্যে ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহার অপসারণের দাবিও যোগ করে আন্দোলনকারীরা।
সর্বশেষ বুধবার রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় আরেক সড়ক দুর্ঘটনায় আহত হন চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক শায়লা শারমিন, ফারজানা ইফু ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম অর্পা।
