২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইনবোর্ড লাগানো নিয়ে শেকৃবিতে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ

সাইনবোর্ড লাগানো নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটিরিনারি মেডিসিন এবং এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী ও কর্মচারীরা এ ঘটনায় জড়ান বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রুহুল আমীন জানিয়েছেন।

ওই ঘটনায় কাজল সরকার নামে এক শিক্ষক এবং এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবনির্মিত শেখ কামাল ভবনে আগে থেকেই এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটিরিনারি মেডিসিন অনুষদের একটি সাইনবোর্ড লাগানো ছিল।

“বেলা ১২টার দিকে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের কর্মচারীরা সাইনবোর্ড লাগাতে গেলে এনিমেল সায়েন্সের কর্মচারীরা বাধা দেয়।

“এনিয়ে কর্মচারীদের মধ্যে প্রথমে ধাক্কধাক্কি এবং পরে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শিক্ষর্থীরাও এতে জড়িয়ে পড়ে।”

ঘণ্টাখানেক ধরে চলা উত্তেজনার মধ্যে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়িও হয়।

এসময় সংঘর্ষ থামাতে গিয়ে নাকে আঘাত পান শিক্ষক কাজল সরকার। আহত হন এক শিক্ষার্থীও।

আহত শিক্ষার্থীর নাম জানাতে পারেননি সহকারী প্রক্টর রুহুল আমীন।

তিনি বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিলেও এর আগেই শিক্ষক ও ছাত্রনেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা পরে আলোচনায় বসবেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবাশীষ দাস জানান, সে পর্যন্ত ওই ভবনে দুই অনুষদের সাইনবোর্ডই থাকবে।