২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর মায়ের মুক্তি দাবি ঢাবি সাংবাদিক সমিতির

‘মিথ্যা মামলায়’ অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাখাওয়াত আমিনের মাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:52 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ অবিলম্বে সাখাওয়াত আমিনের মায়ের মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, “গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানায় নিজ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে সাখাওয়াত আমিনের ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

“গত শুক্রবার তাকে খুঁজতে এসে না পেয়ে পুলিশ বাড়িতে ভাংচুর করে। তার মা’কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার পর তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যায় তার মায়ের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দায়ের করে।”

এর আগেও একই বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাখাওয়াত আমিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয় জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‍“দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন, এখনও স্বাভাবিক চলাফেরা করতে পারেন না।

“তখন বিষয়টি পারিবারিক ঝামেলা বিবেচনায় ও পরিবারের সদস্যদের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি। কিন্তু সর্বশেষ শুক্রবারে ঘটনায় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য মর্মাহত।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমিনের মায়ের মুক্তি এবং তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানানো হয়।

অন্যথায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিবৃতি হুঁশিয়ারি দেওয়া হয়।