২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে বির্তক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 10:06 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’ এর পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাক-হানাদার বাহিনীর আক্রমণে নিহত শহীদদের স্মরণে ‘স্মৃতিচারণ অনুষ্ঠান ও আলোর মিছিল’র এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “যারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে, গণহত্যা নিয়ে প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন- তারা তো এক সময় দেশ পরিচালনা করেছেন, স্বাধীন বাংলাদেশে রাজনীতি করছেন।

“তারা কিভাবে এ বিতর্কগুলো ছড়াচ্ছেন সে প্রশ্ন তুলতে হবে। তাদের এই সাহস হচ্ছে কোথা থেকে, কাদের সুরে সুর মিলিয়ে কথা বলছে এই প্রশ্নের উত্তর জানতে হবে।”

বিতর্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ইতিহাসের সত্যকে উন্মোচিত করতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক আরেফিন।

“মুক্তিযুদ্ধে গণহত্যা এমনকি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যে মিথ্যাচার এবং বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস- তার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। ইতিহাসের সত্যকে উন্মোচিত করতে হবে।”  

জাতির জনকের জাতি গঠনের অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে সম্মিলিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে অ্যালমনাইয়ের মহাসচিব দেওয়ান রশিদুল হাসান ও যুগ্ম মহাসচিব রঞ্জন কর্মকার ও অ্যালমনাইয়ের কার্যনির্বাহী সদস্য এ কে আজাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একাত্তরের কালরাত্রির ভয়াবহতার কথা স্মৃতিচারণ করেন অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক রওশন আরা, শহীদ সন্তান রুকাইয়া হুসাইন ও রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে জাগরণের গান পরিবেশন করে ফাহিম চৌধুরী ও রুকাইয়া হুসাইন। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলীর উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।