২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালরাতে’ গণহত্যায় নিহত ছাত্র-শিক্ষকদের স্মরণ করবে জগন্নাথ হল

একাত্তরের পঁচিশে মার্চের কালরাতে ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের ওপর চালানো গণহত্যায় শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মশাল ও মোমবাতি প্রজ্জ্বালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 12:01 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কালরাত উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সন্তোষ কুমার দেব।

অধ্যাপক সন্তোষ বলেন, একাত্তরের ২৫ মার্চে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের ওপর গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী।

সেই ক্ষণ স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ মার্চ শুক্রবার রাত ১১টায় জগন্নাথ হলের মশাল প্রজ্জ্বালন এবং রাত ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্জ্বালন করা হবে।

ওইদিনের কর্মসূচির মধ্যে সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় শহীদদের ম্বরণে স্থাপনা শিল্পের প্রদর্শন, সন্ধ্যা ৭টায় জগন্নাথ হলে সংঘটিত গণহত্যার উপর নির্মিত পদাদিক নাট্যদলের নাটক ‘কালরাত্রি’ মঞ্চায়ন রয়েছে।

এছাড়া রাত ৮টায় দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান হবে বলে জানান কালরাত উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সন্তোষ।

হল প্রাধ্যাক্ষ অধ্যাপক অসীম সরকার বলেন, “একাত্তরের কালরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই পঁচিশে মার্চের এই আয়োজন, পাশাপাশি আমরা সবাইকে জানিয়ে দিতে চাই পাকিস্তানিদের পাশবিকতাকে। তাছাড়া মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে পাকিস্তানিদের বীভৎসতা ও নৃশংসতার কথা আমরা পরবর্তী প্রজম্মে ছড়িয়ে দিতে চাই। ”

সম্মেলনে অন্যদের মধ্যে সংস্কৃত বিভাগের প্রভাষক কালীদাস ভক্ত, শহীদ মৃণাল বোসের ছোট ভাই ও আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুকুল বোস উপস্থিত ছিলেন।