তনু হত্যা: বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও
কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ-হত্যার প্রতিবাদে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
তনু হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথের সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন শিক্ষকরাও।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারপারসন হোসনে আরা জলি বলেন, “সেরকম আইন চাই, যাতে নারীর উপর আক্রমণ হলে খুব দ্রুত যেন বিচার পাওয়া যায়। এসব কারা করছে, আমরা কি তাদের চিনি না? কিন্তু আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে।
“তাদের বিচার আইনে তো হবেই। জনতার মঞ্চে, জনতার সামনে তাদের বিচার করতে হবে। যাতে বিচারপ্রক্রিয়া দেখে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।”
তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের নিলিপ্ততার সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক আবু সালেহ সেকান্দার।
“এ ঘটনায় আমরা প্রশাসনের তৎপরতা দেখিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন জেগেছে, এর বিচার হবেই।”
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
গত রোববার রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর (১৯) লাশ পাওয়া যায়। পুলিশ আলামত দেখে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছিল।
পরে তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করলেও এখনো খুনিদের ধরতে পারেনি পুলিশ।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু কলেজ থিয়েটারের সদস্য ছিলেন। অলিপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
রোববার টিউশনি শেষে ছাত্রের বাসা থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় বেরিয়েছিলেন তনু। এরপরই হত্যার শিকার হন তিনি।
এ ঘটনায় শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে খুনিদের ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।
এছাড়া ঢাকার শাহবাগেও গণজাগরণ মঞ্চ মিছিল-সমাবেশ করে তনু হত্যার বিচার দাবি করেছে।
