ক্ষুদে শিক্ষার্থীদের ‘মন্ত্রিসভা’ গঠনে ভোট সোমবার
কৈশোর থেকে গণতন্ত্র চর্চার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের কাঝে শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’ হবে সোমবার।
ইউনিয়ন পরিষদের ভোটের কারণে এবার দুই ধাপে হবে শিক্ষার্থীদের মন্ত্রিসভা গঠনের এই নির্বাচন।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬ হাজার ৪২৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৫৬৭টি দাখিল মাদ্রাসায় এই নির্বাচন হবে।”
মন্ত্রী জানান, এই নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বও থাকবে শিক্ষার্থীদের উপর। শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং অভিভাবকরা শিক্ষার্থীদের সহযোগিতা করবেন।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীই ভোটার জানিয়ে নাহিদ বলেন, “ভোটার তালিকাভুক্ত যে কোনো শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পারবে। গত ৮ মার্চ শিক্ষার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে।”
এ বছর এক লাখ ৮৩ হাজার ৯২৮টি পদের জন্য পাঁচ লাখ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার ৯৭ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন।
“প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে একটি, সর্বোচ্চ তিন শ্রেণিতে ২টি করে মোট ৮টি ভোট দিতে পারবে,” বলেন মন্ত্রী নাহিদ।
প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি (ষষ্ঠ-দশম) থেকে ৫ জন ও পরবর্তী সর্বোচ্চ ভোট পাওয়া তিন শ্রেণির ৩ জনকে নিয়ে এক বছরের জন্য ৮ সদস্যের মন্ত্রিসভা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, কেবিনেটের কর্মপরিধিতে থাকবে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপন ও বাগান তৈরি, দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি।
নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী সাত দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রথম বৈঠকে বসবে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা।
এই বৈঠকে ‘কেবিনেট প্রধান’ নিজেদের মধ্যে কর্মবণ্টন, সহযোগী সদস্য মনোনয়ন এবং সারা বছরের কর্মপরিকল্পনা করবে।
স্টুডেন্ট কেবিনেটকে মাসে কমপক্ষে একটি সভা করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা ও পরামর্শ দেবেন। প্রতি ছয় মাস পর সব শিক্ষার্থীর উপস্থিতিতে কেবিনেটের সাধারণ সভা হবে।
১০২টি উপজেলায় ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন থাকায় ওইসব ইউনিয়নে ৩১ মার্চ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হবে বলে জানান নাহিদ।
গত বছরের ৮ অগাস্ট পরীক্ষামূলকভাবে মাধ্যমিক স্তরের এক হাজার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন হয়। আর ২০১০ সাল থেকে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।
শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
