শাটল ট্রেন থেকে নামতে গিয়ে পা কাটা গেল চবি ছাত্রের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন স্টেশনে থামার আগেই নামতে গিয়ে এক শিক্ষার্থীর পা কাটা পড়েছে।
আহত আমিরুল ইসলাম অনিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর আলী আজগর চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেন নগরীর ষোলশহর স্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস স্টেশনে পৌঁছায়। এ ট্রেন থামার আগে চলন্ত অবস্থায় নামতে গিয়ে অনিকের ডান পা ক্ষতিগ্রস্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণব মিত্র জানান, অনিকের ডান পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
