২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিষ্ঠার ২৪তম বার্ষিকী উদযাপন করেছে দেশের প্রথম বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 01:20 AM

Updated : 11 Oct 2022, 07:54 PM

এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এক ‘মডেল ইউএন সম্মেলনের’ আয়োজন করা হয়, যাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থিত ছিলেন।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯২ সালে ১৩৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এনএসইউ। বর্তমানে চারটি অনুষদের অধীনে ১৬টি বিভাগে ২২ হাজারের বেশি শিক্ষার্থীর পাশাপাশি ৭০০ শিক্ষক রয়েছে তাদের।

উচ্চ শিক্ষার প্রসারে এনএসইউকে ‘পথিকৃৎ’ অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন দেশে পর্যাপ্ত পরিমাণে সরকারি বিশ্ববিদ্যালয় ছিল না তখন যাত্রা শুরু করে এনএসইউ।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি ‘আন্তর্জাতিক মানের’ শিক্ষা দিয়ে যাচ্ছে মন্তব্য করে তাদের প্রশংসা করেন তিনি।

এসময় ছাত্রছাত্রীদের তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

মডেল ইউএন সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ কাসেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামসহ ট্রাস্টিবোর্ডের অন্য সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন।