ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছবি-পোস্টার প্রদর্শনী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ছবি ও পোস্টার প্রদর্শনী।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় চলে এই প্রদর্শনী।
বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করে।
সকালে প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাইখ ইমতিয়াজ।
উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও সীমা মেসালেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম প্রমুখ।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী ইফ্ফাত উম্মান অনুষ্ঠান পরিচালনা করেন।
আয়শা খানম বলেন, “মাবিয়ার ভারোত্তলনে পদক অর্জন, পুলিশ বাহিনীতে নারী, ক্রিকেটে নারীর অংশগ্রহণসহ সব ক্ষেত্রে নারীর পদচারণা আজ প্রমাণ করে সুযোগ থাকলে নারী সব করতে পারে।
“কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ক্রমাগত নারীকে পিছিয়ে থাকতে বাধ্য করে। নারীপুরুষের সমতার লড়াই যুগের পর যুগ ধরে চলে আসছে।”
