২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগে ‘ভাই’ বদলে পিটিয়ে আহত

সভাপতি না সাধারণ সম্পাদক কার অনুসারী হিসেবে ছাত্রলীগ করবে তা নিয়ে বিরোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে এক ছাত্রকে পিটিয়ে বের করে দিয়েছে প্রতিপক্ষের কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 11:51 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

স্যার এ এফ রহমান হল থেকে সোমবার মধ্যরাতে বের করে দেওয়া ফয়সাল মাহমুদ বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি আছেন।

হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাতুর রহমান অর্থুনের অনুসারীরা তাকে পিটিয়েছে বলে জানান তিনি।

অর্থুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের অনুসারী। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের অনুসারী শাহরিয়ার নামে হল ছাত্রলীগের এক ‘বড় ভাইয়ের’ সঙ্গে জোট বেঁধেছিলেন ফয়সাল।

তিনি জানান, প্রথম বর্ষের ছাত্র হিসেবে হলে ‘গণরুম’ হিসেবে পরিচিত নিচতলার ১১১ নম্বর কক্ষে অন্য প্রায় ৫০ জনের সঙ্গে থাকতেন।

“কেন্দ্রীয় কমিটিতে সিলেটের পোস্ট পাওয়া নেতাদের সঙ্গে আমি জাকির ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। সেজন্য রাতে ঘুম থেকে ডেকে তুলে হলের সাংগঠনিক সম্পাদক আরাফাতুর রহমান অর্থুনের ইন্ধনে হলে ১৫ থেকে ২০ জন প্রথমের বর্ষের ছাত্র আমাকে মারধর করে রুম থেকে বের করে দেয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ছাত্র বলেন, শাহরিয়ার তিন/চার দিন আগে জেলা ছাত্র সংঠনের কথা বলে ফয়সালসহ প্রথম বর্ষের কয়েকজনকে মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরের সঙ্গে দেখা করতে নিয়ে যান। এর জের ধরে হলে দুই পক্ষের মধ্যে কোন্দল শুরু হয়।

“অর্থুন ভাইকে ফয়সাল বলেছিল, শাহরিয়ার ভাই আমার এলাকার ও রাজনীতির বড় ভাই। তার সাথে আমি চলব। আপনাদের কোনো রাজনৈতিক কার্যক্রমে আর অংশগ্রহণ করব না। একথা বলার পরেও ফয়সালকে রুমে থাকতে বলে আবার ভাবার সুযোগ দেওয়া হয়।”

এরপর রাত পৌনে ২টার দিকে একদল শিক্ষার্থী ওই কক্ষে গিয়ে ফয়সালকে সেখান থেকে চলে যেতে বলে। ফয়সাল তাতে রাজি না হলে বাকবিতাণ্ড শুরু হয়।

“এক পর্যায়ে ফয়সাল ও রানাফ নামে দুজন হাতাহাতিতে জড়ায়। এর মধ্যে ফয়সাল ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে রানাফের উদ্দেশে বাড়ি ছুড়লে তা রোকন নামে একজনের পায়ে লাগে। পরে ফয়সালকে মারধর করে রুম থেকে বের করে দেওয়া হয়।”

এ ঘটনায় রানাফ ও রোকনও আহত হয়েছিলেন। তারাও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাতুর রহমান অর্থুন বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শুনেছি, সবাই মিলে এক ছেলেকে বের করে দিয়েছে। মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, “ঘটনাটি আমি শুনছি। জড়িতদের আমি ডেকেছি, তাদের কাছে শুনে ব্যবস্থা নিব।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, “ওই ঘটনায় তিনজন আহত হয়েছে শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”