গাইড বই, কোচিং বাণিজ্য বন্ধের দাবি ছাত্র ইউনিয়নের
গাইড বই ও কোচিং বাণিজ্য বন্ধ করার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখা সংসদ।
বৃহস্পতিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরে সামনের এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানবন্ধনের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, শিক্ষা আইনের একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে শিক্ষকরা চাইলে কোচিং চালিয়ে যেতে পারেন বলা হয়েছে।
“অতএব আইন করে কোচিং বাণিজ্যকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।”
আইনে গাইড বই নিষিদ্ধ করে ‘সহায়ক বই’ প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে শুভ বলেন, “আমরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই, সহায়ক আর গাইড বইয়ের মধ্যে পাথক্য কি?
এই আইনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি গাইড বইনির্ভর করে ফেলা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সুমন সেনগুপ্ত’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে নগর সংসদের সদস্য শামীম আহমেদ ও জহরলাল রায় বক্তব্য রাখেন।
