জাবি শিক্ষক সমিতির নেতৃত্বে সরকার সমর্থকরা
গত বছর নির্বাচনে না গিয়ে পদ ভাগাভাগি করলেও এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামীলীগ সমর্থক শিক্ষকরা।
এর মধ্যে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে অংশ নিয়ে কার্যকরী পরিষদের সভাপতি-সম্পাদকসহ আটটি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।
নির্বাচনে সমিতির সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদের ওপরই আস্থা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
অন্যদিকে বিএনপি সমর্থক শিক্ষকরা ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’ প্যানেল থেকে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদকসহ সাতটি পদে জিতেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।
সন্ধ্যা সাড়ে ৬টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সমিতির ৫০৮ জন ভোটারের মধ্যে ৪৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।”
সভাপতি পদে অধ্যাপক অজিত কুমার মজুমদার ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে বিএনপি সমর্থক প্রার্থী সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম পেয়েছেন ২০৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থক প্যানেল থেকে সহযোগী অধ্যাপক বশির আহমেদ পেয়েছেন ২৫১ ভোট। এ পদে বিএনপি সমর্থক প্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ১৯৯ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে বিএনপি সমর্থক প্যানেল থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফিরোজা হোসেন ২৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে ২০৭ ভোট পেয়ে হেরেছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আবদুস ছালাম।
কোষাধ্যক্ষ পদে ২৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি সমর্থক প্যানেলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন।
এই পদে ২২৩ ভোট পেয়ে হেরেছেন সরকার সমর্থক প্যানেলের প্রার্থী নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার।
যুগ্ম-সম্পাদক পদেও ২৩৬ ভোট পেয়ে বিএনপি সমর্থক প্যানেল থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এই পদে ২২০ ভোট পেয়ে হেরেছেন আওয়ামী লীগ সমর্থক প্যানেলের প্রার্থী ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।
সভাপতি-সম্পাদক ছাড়া ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে ছয়টি পদ এসেছে।
সদস্য পদে সরকার সমর্থক প্রার্থীদের মধ্যে অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, অধ্যাপক ড. খালেদ হোসাইন, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
এই প্যানেল থেকে সদস্য পদে হেরেছেন- অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক কৌশিক সাহা এবং সহকারী অধ্যাপক মো. রবিঊল ইসলাম।
সদস্য পদে বিএনপি সমর্থক ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’ প্যানেলের প্রাথীদের মধ্যে অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মাফরুহী সাত্তার ও অধ্যাপক শামীমা সুলতানা নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থক এই প্যানেল থেকে সদস্য পদে হেরেছেন- অধ্যাপক মো. নূরুল ইসলাম, অধ্যাপক মো. মঞ্জুর ইলাহী ও সহযোগী অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, মো. জামাল উদ্দীন রুনু, মুহম্মদ নজরুল ইসলাম এবং মাসুম শাহরিয়ার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমিতি যেহেতু সব শিক্ষকেরই প্রতিনিধিত্ব করে, তাই দলমতের ঊর্ধ্বে থেকে শিক্ষকদের স্বর্থেই আমরা কাজ করব।”
প্রত্যাশিত ফলাফল পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। তবে ফল যাই হোক ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তা মেনে নিয়েছি।”
বিএনপি সমর্থক প্যানেল থেকে নির্বাচিত যুগ্ম-সম্পাদক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। তারপরও যে ফল আমরা পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। আমরা দলমতের ঊর্ধ্বে গিয়ে নতুন কমিটির সবাই মিলে শিক্ষকদের স্বার্থে আমরা কাজ করে যাব।”
