ঢাবিতে ‘হিরন্ময়ী অ্যালামনাই মেলবন্ধন’ শনিবার
শতবর্ষের দারপ্রান্তে দাঁড়িয়ে ‘হিরন্ময়ী অ্যালমনাই মেলবন্ধন’ নামে পুনর্মিলনীর আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনভর আড্ডা আর আনন্দ-উল্লাসে মেতে থাকার এই আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
ইতোমধ্যে মেলবন্ধনে অংশ নিতে আট হাজার সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছে বলে জানিয়েছেন অ্যালামনাই সভাপতি রকীবউদ্দীন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "২০২০ সালে ১০০ বছরে পদার্পণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষের দারপ্রান্তে দাঁড়িয়ে আছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়।
"তাই শতবর্ষের আগে সাবেক শিক্ষার্থীদের আবারো প্রাণের টানে একাট্টা করতেই বিশেষ এই আয়োজন।"
মেলবন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সাবেক প্রধান বিচারপতি, দুদক চেয়ারম্যান, বেশ কয়েকজন মন্ত্রী, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, ইঞ্জিনিয়ারসহ ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবে বলে জানান আয়োজকরা।
এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে রকীবউদ্দিন আহমেদ বলেন, "নিবন্ধিত অ্যালামনাইদের কাছেও ইতোমধ্যেই নিরাপত্তা কার্ড ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে”।
মেলবন্ধন আয়োজক কমিটির এই প্রধান সমন্বয়ক আরও বলেন, "অতিথিদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা পাস ছাড়া রেজিস্ট্যার্ড অ্যালামনাই কিংবা অতিথি কউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।"
