‘আত্মহত্যার’ ৫ মাস পর এল নিয়োগের চিঠি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানজিনা আক্তার সুক্তির মৃত্যুর প্রায় পাঁচ মাস পর বাংলাদেশ ব্যাংকে চাকরির নিয়োগ সংক্রান্ত চিঠি এসেছে তার হলের ঠিকানায়।
অর্থনীতি বিভাগের ৩৫তম আবর্তনের শিক্ষার্থী তানজিনা আক্তার সুক্তির নামে গত ৩১ ডিসেম্বর নওয়াব ফয়জুন্নেসা হলের ২৩৬নং কক্ষের ঠিকানায় ওই চিঠি আসে বলে জানান হল কর্মকর্তা ও সহকারী নিবন্ধক ইয়ার হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক নুর-উন-নাহার স্বাক্ষরিত পত্রে বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল সাইড)’ পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তানজিনা আক্তার সুক্তিকে আগামী ৬ জানুয়ারির মধ্যে আবেদনের সমর্থনে প্রয়োজনীয় সব সনদ নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে যেতে বলা হয়েছে।
গত ১ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা সংলগ্ন কর্মচারীদের আবাসিক এলাকার একটি বাসা থেকে সুক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জের ঘিওর থানার আরজ আলীর মেয়ে তানজিনা আক্তার সুক্তি বিশমাইলে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বাসা ভাড়া নিয়ে চাকরির জন্য পড়াশুনা করতেন।
মৃত্যুর পরে তার প্রতিবেশী ও বন্ধুরা জানিয়েছিলেন, শিক্ষা জীবন শেষের চার বছর পরও চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন তানজিনা। এ কারণেই হয়ত তিনি আত্মহত্যা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফয়জুন্নেছা হলের বর্তমান এক শিক্ষার্থী বলেন, “আপু আমার পাশের রুমেই থাকতেন। ওই দুর্ঘটনার (মৃত্যু) আগে অনেকদিন ধরেই চাকরির জন্য খুব চেষ্টা করেছিলেন। তার রেজাল্টও ভালো ছিল।”
“সুক্তি আপুর খুব জেদ ছিল; বড় চাকরি করবেন, অনেক বড় অফিসার হবেন। কিন্তু তাকে সেসময় সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছিল। এই চিঠি আর চার মাস আগে আসলে সুক্তি আপুকে হয়তো খুশিতে ফেটে পড়তে দেখতাম। তাকে হয়ত আত্মহত্যা করতে হত না।”
