২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের মিথ্যাচারে নিশ্চুপ থাকা আপসকামিতা’

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যা নিয়ে দেশটির মিথ্যাচারের প্রতিবাদ না করে নিশ্চুপ থাকাকে আপসকামিতা আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, “পাকিস্তানের পক্ষে থেকে বলা হচ্ছে, বাংলাদেশের একাত্তরে কোনো গণহত্যার ঘটনা ঘটেনি। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের শুরু এবং মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৪ ডিসেম্বর যে গণহত্যা পাকিস্তানিরা চালিয়েছিল- তা সবার জানা।

পাকিস্তানের এই অস্বীকার করাকে ‘বর্বরোচিত মিথ্যাচার’ আখ্যা দিয়ে তিনি বলেন, “কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সদস্য হয়ে যদি আমরা নিশ্চুপ, নিরব থাকি- তা হবে তাদের মিথ্যাচারের সঙ্গে আপোষকামিতা করা।”

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার ভবনের মাঠে আইন সমিতির ৩০তম সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল এবং ফুলার রোডের আবাসিক এলাকা, শামসুন্নাহার হলের প্রবেশ মুখসহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সর্বত্র চিহ্নিত যে গণকবর আছে, যে চিহ্নগুলো আছে- এইগুলো সবসময় সাক্ষ্য দেবে যে একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গণহত্যা ঘটেছিল।”

বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও হাই কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক আবু কাওসার হানিফ ।