২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিক্ষক নিয়োগে হবে লিখিত পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা গ্রহণসহ ৭১টি সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫০০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান রেজিস্ট্রার ড. কামরুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সভার ১৪তম সিদ্ধান্তটি হল শিক্ষক নিয়োগের বিষয়ে। সিদ্ধান্ত অনুসারে শিক্ষক হতে আগ্রহীদের ১০০ নম্বরের একটি পরীক্ষায় অংশ নিতে হবে।

এর মধ্যে ৫০ নম্বরের লিখিত, ২৫ নম্বরের মৌখিক এবং ২৫ নম্বরের ক্লাশ প্রেজেন্টেশন। পাশাপাশি প্রার্থীর শিক্ষা জীবনের ফলও বিবেচনা করা হবে।

তিনি বলেন, এর আগে শিক্ষক নিয়োগে প্রার্থীর ফলাফল ও মৌখিক পরীক্ষা বিবেচনায় নেওয়া হতো। কোনো লিখিত পরীক্ষা হতো না।

“আরও স্বচ্ছতার সঙ্গে যোগ্য শিক্ষক নির্ধারণের জন্যই এই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত হয়েছে।”

রেজিস্ট্রার কামরুল হুদা জানান, সভার ৫৯তম সিদ্ধান্তটি হল বর্তমানে সপ্তাহে একদিন (শুক্রবার) ছুটির পরিবর্তে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি। একাডেমিক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে সাপ্তাহিক ছুটি বিষয়ক সিদ্ধান্ত কার্যকর হবে।

রেজিস্ট্রার জানান, সিন্ডিকেট সভায় ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের অধীনে নতুনভাবে ছাত্রীদের পরামর্শ ও নির্দেশনা দিতে নারী শিক্ষকদের তিন সদস্যের একটি নতুন কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইইআরটি) এর নাম পরিবর্তন করে ইন্সটিটিউট অব এডুকেশন রিসার্চ (আইইআর) করার সিদ্ধান্ত হয়েছে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারা ড. আবুল খায়ের ও চবির ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম ফজলুল হক অংশ নেন।