রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, জেএসএসের নিন্দা
আঞ্চলিক রাজনৈতিক বিরোধিতায় ১০ মাস পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।
আগে কোনো ঘোষণা না দিয়ে আকস্মিকভাবেই সোমবার শহরের তবলছড়ি শাহ উচ্চ বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের ৭৫ জন শিক্ষার্থী নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন।শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখও করানো হয়।
হঠাৎ করে ক্লাস শুরু বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর ঘোষণা আগেই ছিল।”
তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বলে স্বীকার করেন তিনি।
চার দিন আগে শিক্ষার্থীরা ক্লাস শুরুর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করার পরও সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর এই অনুষ্ঠানে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মালেক সামস উদ্দিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানও উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী জেএসএস ‘পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রহরায়’ ক্লাস শুরুর নিন্দা জানিয়ে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিস্থাপন করেন।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে দুটি বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে ১৭ জন পাহাড়ি। ক্লাস শুরুর দিন পাহাড়ি শিক্ষার্থীদের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন বলে জানান উপাচার্য।
ঢাকায় ভর্তি পরীক্ষা নেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি এতদিন।
জেএসএস বলছে, পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার ভিত্তি মজবুত না করে এখানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে তারা আরও প্রান্তিক অবস্থানে চলে যাবে।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর নিন্দা জানিয়ে জেএসএসের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জনমতের বিপরীতে বিতর্কিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করার ফল কখনোই শুভ হতে পারে না। আপামর জনগণকে সাথে নিয়ে এ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।”
জেএসসি পরীক্ষা চলছে বলে তাৎক্ষণিক কোনো কর্মসূচি দেওয়া হয়নি বলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা নেতৃত্বাধীন সংগঠনটির নেতারা জানিয়েছেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার পর ৪ মে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলের ভিত্তিতে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হন।
ক্লাস শুরুর দাবিতে শিক্ষার্থীরা গত ২৩ অগাস্ট প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি এবং ১১ অক্টোবর মানববন্ধন করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবর মাসের শেষের দিকে ক্লাস শুরু হবে বলে জানায়।
তারপরও ক্লাস শুরু না হওয়া সর্বশেষ গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে ক্লাস শুরুর দাবি জানায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলন থেকে ক্লাস শুরু না হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
