কঠোর নিরাপত্তায় রাবিতে ভর্তি পরীক্ষা শুরু
কঠোর নিরাপত্তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।
নয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য দ্বিতীয়বারের মতো এবারও পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
“এছাড়া জালিয়াতি ঠেকাতে পরীক্ষার কক্ষে মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।”
পরীক্ষার কক্ষে শিক্ষার্থীরা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবে না বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছয় স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ র্যাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা নিরপত্তার দায়িত্ব পালন করছেন।
এ বছর ভর্তি পরীক্ষায় ৯টি অনুষদের ৫৭টি বিভাগের অধীনে বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২টি আবেদন জমা পড়েছে।
